ভেনেজুয়েলার বিপক্ষে চোটও বাঁধা ব্রাজিলের

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:২৮

নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ব্রাজিল শনিবার মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলার। তবে এর আগে কোচ তিতেকে বড় চ্যালেঞ্জই জানাচ্ছে নেইমার, কোটিনহো, ক্যাসেমিরোদের চোট। 

গেলো মাসের দুই জয়ে ফলাফলের চেয়েও বড় হয়ে চোখে পড়ছিলো ব্রাজিল দলের পারফর্ম্যান্স। ২০১৭ সালের পর থেকে প্রথমবারের মতো দল হিসেবেও বেশ পরিণত মনে হতে থাকে তিতের শিষ্যদের। যার নিয়ামক হিসেবে কাজ করেছেন ডগলাস লুইজ, যার ফলে লেফটব্যাক রেনান লোদি আক্রমণে পেয়েছেন আরও স্বাধীনতা। এ কারণে নেইমারও আরও ভেতরে ঢুকে গিয়ে আক্রমণে মনোযোগী হওয়ার সুযোগ পান। যাতে করে ব্রাজিলও বলিভিয়া ও পেরুর বিপক্ষে পায় ৫-০ ও ৪-২ ব্যবধানের বড় দুই জয়।

কিন্তু শনিবারের ম্যাচের আগে চিত্রপট অনেকটাই বদলে যাচ্ছে। নেইমার চোটের কারণে অন্তত ভেনেজুয়েলার বিপক্ষে খেলছেন না, ফেরার একটা ক্ষীণ সম্ভাবনা আছে উরুগুয়ের বিপক্ষে। তবে তার অনুপস্থিতিতে দলগত ভাবে এগিয়ে আসার শপথই ঝরে পড়লো গ্যাব্রিয়েল জেসাসের কণ্ঠে, ‘জাতীয় দলে সবারই সমান দায়বদ্ধতা আছে। পুরো দায়িত্বটা কেবল তারই কাঁধে পড়ে না। সবাই এখানে আছে কোনো একটা কারণেই। নেইমারকে দলে পেলে নিয়ে আমরা জয়ের কাছাকাছি থাকি কিন্তু সেলেসাওরা তাকে ছাড়াও জিততে পারে, এটা করে দেখিয়েছেও। যখন সে খেলবে না, আমাদেরকে দায়িত্ব ভাগ করে নিতে হবে। এখানে সবারই দলকে জেতানোর সামর্থ্য আছে।’

চোটের কারণে মিডফিল্ডার ফেলিপে কোটিনহোকে ও ক্যাসেমিরোকেও পাচ্ছেনা সেলেসাওরা। এমনকি ডগলাস লুইজের খেলাও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে সাম্প্রতিক ফর্মও কথা বলছে ব্রাজিলের বিপক্ষে। সর্বশেষ সাক্ষাতে ব্রাজিলের মাটিতেই তিতের দলকে রুখে দিয়েছিলো ভেনেজুয়েলা। সবকিছু মিলিয়ে নিজেদের তৃতীয় ম্যাচের আগে বেশ চ্যালেঞ্জের আভাসই পাচ্ছে ব্রাজিল।

ইত্তেফাক/এসআই