যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  শনিবার

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১২:৫৯

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি শনিবার ঘোষণা করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা বেশিরভাগ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে ঘোষণা করেছি। বাকিগুলো দু-একদিনের মধ্যে ঘোষণা করা হবে। উপনির্বাচন থাকার কারণে কমিটি ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় বহুল আলোচিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষপদে আসেন নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে। 

জানা গেছে, ক্যাসিনোসহ অন্যান্য কালিমা মুছে মূল আদর্শে ফিরতে চায় যুবলীগ। আর সে উদ্দেশ্যেই পরিচ্ছন্ন ইমেজের দক্ষ ও অভিজ্ঞ তরুণেরা এবার কেন্দ্রীয় যুবলীগের নেতা হতে যাচ্ছেন। জেলা পর্যায়ের জনপ্রিয় কয়েক জনকেও নিয়ে আসা হচ্ছে কেন্দ্রে। নতুন মুখ হিসেবে দুই জন জনপ্রিয় সংসদ সদস্য কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হতে যাচ্ছেন। ২০টি পদ বাড়িয়ে কেন্দ্রীয় কমিটির আকার হচ্ছে ১৭১ সদস্যের।

আরো পড়ুন : ‘ভক্তের মোবাইল ছুড়ে ফেলে দেয়ার ঘটনা গুজব’ 

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহত যুব সংগঠনে পরিণত হয়েছে।


ইত্তেফাক/ইউবি