কুমিল্লা বিএডিসি ভবনে বঙ্গবন্ধু কর্ণার ও বিভিন্ন প্রকল্প-স্থাপনার উদ্বোধন

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২৩:১৯

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুমিল্লা আঞ্চলিক কার্যালয় ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে। 

এসময় কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের দপ্তর ও আধুনিক মানের সেমিনার হল উদ্বোধন এবং ডাগওয়েল স্থাপন ও সৌরশক্তি চালিত পাম্পিং সেটের মাধ্যমে পানি বিতরণ ও ব্যবস্থা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিএডিসি সেমিনার হলে কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএডিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলাম। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএডিসি প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. জিয়াউল হক। 

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। পরে কৃষকপর্যায়ে বোরো ধানের বীজে কেজিপ্রতি ১০ টাকা ভর্তুকি সহায়তা প্রদানের বিষয়ে অতিথিদের অবহিত করেন বিএডিসি কুমিল্লার উপ-পরিচালক (বীজ বিপণন) মো. নিগার হায়দার খান। এর আগে অতিথিরা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের সোনারচর এলাকায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের উদ্দেশ্য নিয়ে মেঘনা নদীসংলগ্ন এলাকার উপকারভোগী কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন। ওই অনুষ্ঠানে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে