বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ এক পরিবারের তিনজনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০১:৩৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলেসহ একই পরিবারের ৩ জন মারা গেছেন।  শুক্রবার বিকেল পাঁচ টা নাগাদ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৮), তার ছেলে আজাউল হক (৩৬) ও তার নাতী অপর ছেলে আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (১৩)। 

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান রাজু জানান, শুক্রবার গোধুলি লগ্নে রেখা বেগম বাড়ির পাশে ক্ষেত থেকে শাক তুলতে যান। এ সময় জমিতে ছিড়ে পরে থাকা ওই এলাকা দিয়ে চলে যাওয়া পিডিবির বিদ্যুৎ সরবরাহের লাইনের একটি তার রেখা বেগমের পায়ে জড়িয়ে পরে।  তখন তিনি চিৎকার করেন।  তা শুনতে পেয়ে সুজন মিয়া ঘটনাস্থলে গিয়ে দাদিকে বাঁচাতে চেষ্টা করে।  এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পরে যায় এবং গুরুতর আহত হয়। খ বর পেয়ে রেখা বেগমের ছেলে আজাউল হক মাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হন।

তিনি আরও জানান, রেখা বেগম ও তার ছেলে আজাউল হক ঘটনাস্থলে মারা যান এবং গুরুতর আহত অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্যাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে রয়েছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।   

ইত্তেফাক/এসআর