আজ চ্যানেল নাইনে প্রচার হবে ‘টুইস্ট’

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৮:৪৪

দীর্ঘ লকডাউন কাটিয়ে আজ অফিসে বেরিয়েছে সুইটির জামাই। এই ফাঁকে সুইটি বাসায় ডেকে এনেছে তার ফেসবুক ফ্রেন্ড জুয়েলকে। তারা যখন কিছুটা অন্তরঙ্গ হয়ে উঠতে যাবে ঠিক তখনই বাসায় ফিরে আসে সুইটির জামাই রবিন। 

সুইটি ঘাবড়ে গিয়ে জুয়েলকে পরিচয় করিয়ে দেয় অনলাইন সার্ভিস থেকে ডেকে-আনা একজন ইলেক্ট্রিশিয়ান হিসাবে। কিন্তু রবিনের কাছে লোকটাকে সন্দেহজনক মনে হতে থাকে। চেহারাটাও বেশ পরিচিত। সে লোকটার পিছনে লেগে থাকে। সুইটি কোনোভাবেই তাকে অন্যরুমে নিতে পারে না। শুরু হয় ক্যাট অ্যান্ড মাউস খেলা। 

এক পর্যায়ে রবিনকে বেডরুমে রেখে জুয়েলের কাছে ফিরে আসে সুইটি। তাগাদা দেয় জলদি বাসা ত্যাগ করতে। কিন্তু জুয়েল তাতে রাজি হয় না। রবিনকে দেখে তার বুকে দাউ দাউ ঈর্ষার আগুন জ্বলে ওঠে। তার মনে হতে থাকে যতক্ষণ সম্ভব কাজ করার অজুহাতে সে এ বাসায় থেকে যাবে, এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এক খন্ডের নাটক ‘টুইস্ট’। 

মো. মিজাহারুল ইসলামের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন সুস্ময় সুমন। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, পারসা ইভানা, মুকিত জাকারিয়া প্রমুখ। আজ শনিবার রাত ৮ টায় চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। 

ইত্তেফাক/জেডএইচ