নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় ভাঙ্গায় আনন্দ মিছিল

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৯:২৪

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় আনন্দ মিছিল হয়েছে। 

শনিবার বিকাল হতেই উপজেলা পরিষদ চত্বরে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকে। কেন্দ্রীয়ভাবে যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার নেতাকর্মী পার্টি স্প্রেসহ রং ছিটিয়ে আনন্দে মেতে ওঠে। 

এমপি নিক্সন চৌধুরীর এ সময় মুঠোফোনে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ হতে অভিনন্দন। তিনি বলেন, আমার রাজনীতি জনগণের জন্য, জনগণের ভালো মন্দে আমি সব সময় তাদের পাশে থেকেছি। প্রকৃত উন্নয়ন দিয়ে ফরিদপুর-৪ আসনকে রোল মডেল হিসাবে গড়ে তুলেছি। বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণে প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে আগামীতেও তার আদর্শে রাজনীতি করে দেশ ও দশের জন্য কিছু করতে চাই। 

আরো পড়ুন : ‘আল্লামা শফীকে মাদ্রাসায় হত্যা করা হয়েছে’

এমপি নিক্সন চৌধুরী আরো বলেন, ফরিদপুর-৪ আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে আগেও পরিচিত ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। উক্ত আসনের জনগণ আমাকে ভোট দিয়ে দুইবার সংসদ সদস্য  নির্বাচিত করেছেন তার মানে এই না যে তারা আওয়ামী লীগের বিপক্ষে। মূলত জনগণের ক্ষোভ ছিল বিশেষ একটি ব্যক্তির বিরুদ্ধে। আজ আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করা হয়েছে। আমি আমার নেতা-কর্মীসহ সকলকে বলব আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে একত্রে কাজ করি। প্রধানমন্ত্রীর দূরদর্শী সাহসিকতার কারণেই আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হয়েছে। হাই-ওয়ে এক্সপ্রেস হয়েছে। তার এই উন্নয়নকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের খেটে খাওয়া জনগণের ভাগ্যের পরিবর্তন করতে সকলেই এক সঙ্গে কাজ করি। 

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের উপস্থিতিতে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরগণ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় হাজারো নেতাকর্মী আনন্দ মিছিল করতে করতে শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগের সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


ইত্তেফাক/ইউবি