বাকেরগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১২:৪৩

বরিশালের বাকেরগঞ্জে বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. রিপন খান (৩৮) নামের এক পথচারী  নিহত হয়েছেন। তিনি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কুশাঙ্গলের বাউমহল গ্রামের মৃত চাঁন খানের  ছেলে। 

আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারের ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. খবির হাওলাদার জানান, রবিবার সকাল ৯ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া বাজারের ব্রিজের ঢালে বরিশালগামী একটি অ্যাম্বুলেন্স রাস্তা পাড়াপাড়ের সময় রিপনকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই পথচারী রিপন খান মারা যান।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স ও রিপন খানের মরদেহ উদ্ধার এবং ঘাতক অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে।তবে অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়।

ইত্তেফাক/কেকে