মাগুরায় কৃষকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৫:২৯

মাগুরায় ফসলের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে জাকির হোসেন লিটন (৪৯) নামে এক কৃষকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার হাজরাপুর ইউপির নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জাকির হোসেন নন্দলালপুর গ্রামের মুন্সি মনসুর আহমেদের ছেলে।

নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, সদর উপজেলার হাজরাপুর ইউপির নন্দলালপুর গ্রামের শরিফুল ইসলাম শরি ও তার স্বামী জাকির হোসেনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার রাতে তার স্বামীকে ধারালো  অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার সময় লিটন নন্দলালপুর গ্রামের পশ্চিম পাড়া চায়ের দোকানে বসেছিলেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে জাকির হোসেন লিটন নামের এক কৃষকে রক্তাক্ত অবস্থায় ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের  গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচ