দিনাজপুরে নবান্নের আনন্দে আমন কাটাই-মাড়াইয়ে ধুম

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২০:৫৮

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

নবান্নের আনন্দে আমন ধান কাটা-মাড়াইয়ের ধুম চলছে ধানের জেলা দিনাজপুরে। এখন মাঠের সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত এ অঞ্চলের কৃষকরা। বেশ কয়েক বছর ধরে দাম না পেলেও এবার বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম থাকায় নতুন ধান ঘরে তোলার আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে। এই অবস্থায় সোমবার পহেলা অগ্রহায়ণের অন্য রকম আনন্দ পরিলক্ষিত হয় জেলার কৃষকদের মধ্যে। 

দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ধান কেটে অনেক কৃষকই আঁটি বেঁধে কাঁধে করে আবার অনেকেই বিভিন্ন যানবাহনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাসাবাড়ির উঠানে চলছে আগাম জাতের ধান মাড়াইয়ের কাজ। আর এ ধান নিয়ে কৃষকের মধ্যে যেমন রয়েছে ব্যস্ততা তেমনি আনন্দও প্রচুর। অনেকের বাড়িতে শীতের সকালে ভাপা পুলি, তেলপিঠা, নতুন চালের পায়েস ও নাড়ু-মুড়ির মুখরোচক খাবার তৈরির ধুম পড়েছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কৃষক আশিকুর রহমান জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ধানের বাম্পার ফলন হয়েছে। অগ্রহায়ণ মাসে পুরো ধান কাটা শুরু হলেও আগাম জাতের বিভিন্ন ধান কার্তিকের মাঝামাঝি থেকে কাটা শুরু হয়েছে। একই এলাকার কৃষক আফসার আলী জানান, কয়েক দফা বন্যা আর অতিবৃষ্টির কারণে আমন ধান চাষে ব্যাঘাত ঘটলেও এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এছাড়াও ধান কাটার পর ঐ জমিতে সার ছাড়া প্রচুর শীতের সবজি আবাদ হয়। এতে দুই দিক থেকে লাভবান হচ্ছি।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, দিনাজপুর জেলায় এবার ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। ইতিমধ্যেই দিনাজপুর জেলায় আমন কাটা শুরু হয়েছে এবং প্রায় ২০ শতাংশ জমির আমন ধান ঘরে তুলেছে কৃষকরা।