জীববৈচিত্র্যে ফিরেছে চঞ্চলতা বাড়ছে পর্যটকদের আগমন

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২০:৫৮

সাতছড়ি জাতীয় উদ্যান

মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া হয়েছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান। বন্ধের এ সময়ে উদ্যানের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যে ফিরেছে চঞ্চলতা। সতেজ হয়ে উঠেছে উদ্যানের বৃক্ষ ও লতাপাতা। গত দুই সপ্তাহে উদ্যানে বেড়েছে পর্যটকদের আগমনও।

জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর গত ১ নভেম্বর পর্যটকদের জন্য এই উদ্যান খুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে ২০০৫ সালের ১০ অক্টোবর সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই উদ্যানে ২০৩ প্রজাতির পাখি, ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ৫০ প্রজাতির সরীসৃপ ও ২১ প্রজাতির উভচর প্রাণী রয়েছে। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা-বাগান, পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা-বাগান এবং উত্তর ও দক্ষিণ দিকে রঘুনন্দন পার্বত্য রিজার্ভ বনভূমি। পর্যটকদের সুবিধার্থে এখানে ১৮ বেডের স্টুডেন্টস ডরমিটরি, বনবিভাগের একটি রেস্ট হাউজ, পিকনিক শেড, বিশ্রামের জন্য গোলঘর, ছাতাঘর, ওয়াচ টাওয়ার, শুটিং স্পট, দুইটি ওয়াশরুম, গাড়ি পার্কিং প্লেসের ব্যবস্থা রয়েছে। উদ্যানের তিনটি হাঁটা পথে ভ্রমণ করলে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা ছাড়াও নানাধরনের বন্যপ্রাণী ও পাখি দেখা যায়।

গত রবিবার বিকালে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে দেখা যায়, অন্য সময়ের চেয়ে পর্যটকের ভিড় অনেকটা কম। এ সময় উদ্যানে একদল শিক্ষার্থীসহ আগত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকচ্চ এলাকার একটি মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল জলিলের সঙ্গে দেখা হলে তিনি জানান, পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগসুবিধা বৃদ্ধি করা হলে এ উদ্যান দেশের অন্যতম পর্যটন স্পটে পরিণত হবে। হবিগঞ্জ শহর থেকে আগত শিক্ষার্থী রাকিব, ব্যবসায়ী রুমন এবং চুনারুঘাটের ইনাতাবাদ গ্রামের মামুন মিয়া প্রথমবারের মতো এই উদ্যান দেখতে এসেছেন। তারাও উদ্যানের সতেজ প্রাকৃতিক পরিবেশ দেখে অভিভূত বলে জানান।

সাতছড়ি বন বিট অফিসার মোহাম্মদ মাহমুদ হোসেন জানান, বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

হবিগঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল করিম চৌধুরী জানান, দীর্ঘদিন উদ্যানে পর্যটক আগমন বন্ধ থাকায় প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, সম্প্রতি সাতছড়ি জাতীয় উদ্যান খুলে দেওয়ার পর গত দুই সপ্তাহ এখানে আবারও পর্যটক আগমন বেড়েছে। আগামী কিছু দিনের মধ্যে এই উদ্যানে পর্যটক আগমন পূর্বের ন্যায় স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।