ইত্তেফাক ডেস্ক
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন ও পু্ষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
টাঙ্গাইল :সকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, জাতীয় পার্টি (জেপি) জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি গোলাম নওজব (পাওয়ার চৌধুরী), জাসদ (ইনু) জেলা শাখার হাসান মাহমুদ চান্দু প্রমুখ।
বরিশাল :গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা গণসংহতি আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পরে গণসংহতি আন্দোলন জেলা কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম এবং জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা।
