কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বলেছেন, ‘গুপকার গ্যাং বিশ্বায়নের পথে হাঁটছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতাদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, প্রতিনিয়ত জাতীয় পতাকা অবমাননা করছে ওরা। গুপকার গ্যাংয়ের এ ধরণের আচরণ কী সোনিয়াজি এবং রাহুলজি (কংগ্রেস নেতা) সমর্থন করেন? ওঁদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত।’
তিনি বলেন,‘কংগ্রেস এবং ‘গুপকার গ্যাং’ জম্মু-কাশ্মীরকে সন্ত্রাস এবং অশান্তির যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। দলিত, নারী ও উপজাতিদের অধিকার কেড়ে নিতে চায়, ৩৭০ ধারা প্রত্যাহার করে আমরা যা সুনিশ্চিত করেছি। এই কারণেই সর্বত্র মানুষ ওদের প্রত্যাখ্যান করছে।’
অমিত শাহ আরও বলেন, ‘জম্মু-কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে দেশের মানুষ এই অসাধু ‘বৈশ্বিক জোট’কে সহ্য করবেন না। হয় দেশবাসীর মেজাজের সঙ্গে গা ভাসিয়ে চলতে হবে গুপকার গ্যাংকে, না হলে দেশবাসী ওদের ডুবিয়ে ছাড়বেন।’
আরো পড়ুনঃ 'লাভ জিহাদ' বন্ধে নতুন আইন প্রণয়ন
এ ব্যাপারে অমিত শাহের সঙ্গে সহমত প্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘অমিতজি ঠিক বলেছেন। যত দিন যাচ্ছে, ততই টুকরো টুকরো নকশাল গোষ্ঠীর কাছে আশ্রয় নিচ্ছে কংগ্রেস। ভারতে অশান্তি বাঁধাতে যারা বিদেশি শক্তির সাহায্য নেয়, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার ওই চেষ্টায় কংগ্রেসের আসল প্রবৃত্তি ফাঁস হয়ে গিয়েছে। দেশের মানুষ কংগ্রেসের কাছে জবাব চায়।’
ইত্তেফাক/এএইচপি
