ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ১০ মাসের বকেয়া বেতন এবং শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে প্রতিবাদী অবস্থান ও সংহতি সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে ডিইপিজেডের এ ওয়ান বিডি লিমিটেড পোশাক কারখানার কয়েক শ শ্রমিক আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন। সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টশ্রমিক সংহতির প্রদীপ রায়, জিয়াদুল ইসলাম, বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিক লীগের সারোয়ার হোসেন, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মঞ্জুরুল ইসলাম, গার্মেন্টস ও শিল্পশ্রমিক ফেডারেশনের রফিকুল ইসলাম সুজন, জাতীয় শ্রমিক-কর্মচারী পরিষদের খোরশেদ আলম, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের অরবিন্দু ব্যাপারী প্রমুখ। এ ওয়ানের কারখানার শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আশরাফ আলী, মোহাম্মদ উজ্জল, আলমগীর হোসেন, সুমি আক্তার, মো নুরু। বক্তারা বলেন, ইটালীয় নাগরিক আলিসান্ড্রা ফেরির মালিকানাধীন এ ওয়ান বিডি কারখানার ১ হাজার ১০০ শ্রমিক গত ১০ মাসের বেতন না পেয়ে চরম দুর্দশার মধ্যে দিনানিপাত করছে। ১০ মাসেও কারখানা বা বেপজা কর্তৃপক্ষ কিংবা সরকার কোনো মহলই বেতন প্রদান বিষয় দায়িত্ব গ্রহণ করেনি।
