সব অনিয়মের ঊর্ধ্বে থেকে মানুষকে সেবা দিতে হবে :আইজিপি

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২২:০৩

বিশেষ প্রতিনিধি

পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সব অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণকে আইনি সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে। সেই সঙ্গে পুলিশের চাকরিটা গৌরবের সঙ্গে করতে হবে। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপিতে কর্মরত এসআই, সার্জেন্ট ও ইন্সপেক্টরদের উদ্দেশে তিনি এসব একথা বলেন।

ফোর্সের কল্যাণ সম্পর্কে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইতিমধ্যে হার্টের রিং বসানোর কাজ শুরু হয়েছে। ক্যানসার চিকিত্সার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১৫টি ডায়ালাইসিস মেশিন থেকে ৪০টিতে উন্নীত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ শহরে অপরাধ করে পুলিশের চোখ ফাঁকি যাতে কেউ দিতে না পারে সেজন্য আমরা সব সময় তত্পর রয়েছি। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।