ইত্তেফাক রিপোর্ট
ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালা পরিবর্তনের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ঐ চিঠিতে বিদ্যমান ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা সংযুক্ত করে মাঠ প্রশাসন থেকে মতামত চাওয়া হয়েছে। সম্প্রতি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এই চিঠি পাঠানো হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। তাই জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনের বিদ্যমান ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধনের প্রস্তাব (যদি থাকে) প্রেরণের জন্য বলা হচ্ছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধনের প্রস্তাব নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’ চিঠির সঙ্গে সংশ্লিষ্টদের কাছে বিদ্যমান ভোটকেন্দ্র স্থাপন নীতিমালাসমূহ পাঠানো হয়েছে। পাশাপাশি কোনো ধরনের সংশোধন থাকলে তা পাঠাতে বলা হয়েছে।
