এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। এএসপি আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে ভর্তির আগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সুচিকিত্সা না দিয়ে একটি দালাল চক্রের সহায়তায় এএসপি আনিসুলকে ছাড়পত্র দেওয়া হয়। ঐ ছাড়পত্র নিয়ে এএসপি আনিসুল মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন। দালাল চক্রের সঙ্গে হাসপাতালের রেজিস্ট্রারের যোগাযোগ রয়েছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার রাতে ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক ফারুক মোল্লা আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী সাইফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিন রিমান্ডের আদেশ দেন।
এদিকে মাইন্ড এইড হাসপাতালের আরো দুই জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন, হাসপাতালের ফার্মাসিস্ট মো. তানভীর হাসান ও ওয়ার্ডবয় মো. তানিম মোল্লা। মামলা সূত্রে জানা গেছে, আনিসুল করিম হত্যা মামলার ১৫ আসামির মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে হাসপাতালের অপর তিন পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিনকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারকৃতদের মধ্যে হাসপাতালের মালিক ও মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় সাত দিনের রিমান্ডে রয়েছেন। আর গত মঙ্গলবার গ্রেফতার করা হলেও অসুস্থতার কারণে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিত্সাধীন পরিচালক নিয়াজ মোর্শেদ।
