রাজধানীর পোস্তগোলায় আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবার কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার দুপুরে মাসব্যাপী এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আদ্-দ্বীন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আফিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন ও রেগুলেটরি এ্যাফেয়ারস-এর পরিচালক আনোয়ার হোসেন মুন্সী, স্থানীয় ওয়ার্ড কমিশনার হাজী মাসুদ, আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের উপ-পরিচালক ডা. জেসমিন ইয়াসমিন, বাংলাদেশ ফিজিওথেরারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. শাহাদত হোসেন।
এতে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা: মুহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠান পরিচালনা করেন আদ্-দ্বীন হাসপাতাল সমূহের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।
আরো পড়ুন: অ্যাডিলেডে ভুল করেও পার পেলেন ধোনি!
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, আদ্-দ্বীন আজ স্বনামেরই পরিচিত। সেবার মানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছে পৌছেছে। প্রতিদিনই আদ্-দ্বীনের সেবা নিতে মানুষ আমার সাথে যোগাযোগ করছে। এই হাসপাতালের কোনো পাবলিসি প্রয়োজন হয় না।
উল্লেখ্য, পোস্তগোলা আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে মাত্র ৩০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ইলেক্ট্রো থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি সেবা পাওয়া যাবে। ১৫ জানুয়ারি থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি এই সেবা চলবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে প্রতি মাসে বিভিন্ন ধরনের সেবা বিনামূল্যে দেয়া হচ্ছে। ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম চালানো হয়। এতে তিন হাজার রোগী দেখা হয়েছে। তিনশ রোগীর অপারেশন করা হয়েছে। আরো ৫০০ রোগি অপেক্ষমান রয়েছে। তাদেরও বিনামূল্যে অপারেশন করা হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে একমাস ব্যাপী নাক-কান-গলার রোগিদেরও বিনামূল্যে সেবা প্রদান করা হবে।
ইত্তেফাক/কেআই
