আমি হারালাম একজন ভালো বন্ধু: পেলে

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:৪৭

‘ফুটবল ঈশ্বর’ খ্যাত ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বিশ্বে। প্রিয় বন্ধুর মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাজিলিয়ান সর্বকালের সেরা তারকা ফুটবলার পেলে। জয়ের পর বিশ্বকাপ হাতে ম্যারাডোনার একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পেলে।

সেই পোস্টে পেলে লিখেছেন, ‘এটা খুব দুঃখজনক সংবাদ। আমি হারালাম একজন ভালো বন্ধু এবং বিশ্ব হারালো একজন দুর্দান্ত ফুটবল লিডারকে। তাকে নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আপাতত পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানাই। আশাকরি আমরা ওপারে গিয়ে (মৃত্যুর পর) একসাথে খেলবো।’

এর আগে ম্যারাডোনার ৬০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। শুধু তা-ই নয় ব্রাজিলের সাবেক এ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বন্ধু ম্যারাডোনার সঙ্গে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু, ম্যারাডোনা। আমি সর্বদা আপনাকে সাধুবাদ জানায়। আপনার জন্য সব সময় শুভ কামনা। আপনার যাত্রা দীর্ঘ হোক এবং আপনি সর্বদা হাসি-খুশি থাকুন। এর সঙ্গে আমাকেও হাসি দিন! শুভ জন্মদিন!’


 
এর এক সপ্তাহ আগে পেলের ৮০তম জন্মদিনেও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ছিলেন ম্যারাডোনা। সে সময় তিনি লিখেছিলেন, ‘ফুটবলের সত্যিকারের রাজাকে সর্বজনীন শ্রদ্ধা।’

পেলে এবং ম্যারাডোনা প্রায়শই ইতিহাসের সেরা ফুটবলারের খেতাব অর্জন করেছেন। সে হিসেবে ২০০০ সালে ফিফার বিশ শতকের সেরা খেলোয়াড় হিসাবে যৌথভাবে মনোনীত হয়েছিলেন তারা।
 
ইত্তেফাক/বিএএফ