প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে শ্রীলংকার এক কারাগারে দাঙ্গা বেঁধেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত আরো ৫৫। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সংক্রমণের প্রকোপ বাড়ায় কয়েদিরা কারাগারের মধ্যে বিক্ষোভ শুরু করে। দাবি জানায়, দ্রুত জামিন এবং আরো নানা সুবিধার। এরই প্রেক্ষিতে কারাগারের রক্ষী এবং কয়েদির মধ্যে দাঙ্গা বাধে।
পুলিশ মুখপাত্র অজিত রোহানা বলেন, মাহারা কারাগারে বাজে পরিস্থিতি এড়াতে রক্ষীরা বল প্রয়োগ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা দমাতে রক্ষীরা গুলি ছুঁড়েছে। বাসিন্দাদের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জেলের আঙ্গিনা প্রাঙ্গনে তারা বিশাল আকারে আগুন দেখেছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। বিবিসি
ইত্তেফাক/এসআর
