সংসদকে প্রাণবন্ত করতেই বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি: রাঙ্গা এমপি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:২৭

জাতীয় পার্টির মহাসচিব, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন সংসদকে প্রাণবন্ত করতেই বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। তিনি বৃহস্পতিবার বেলা ৩টায় মুলাদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত স্থানীয় সংসদ সদস্য জাপার প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর গণসংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জোটগতভাবে মহাজোটের ব্যানারে সংসদ নির্বাচন করলেও জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। উন্নয়নের স্বার্থে আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাপা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাওলাদার।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ব-দ্বীপ পরিকল্পনা যুগান্তকারী পদক্ষেপ: স্পিকার

উপজেলা জাপার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর জাপা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

ইত্তেফাক/নূহু