ফেসবুকে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ১ মাস ধরে গণধর্ষণ, আটক ১

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০২:৪৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গুচ্ছগ্রামের ১৪ বছর বয়সী এক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১ মাস ধরে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে এ ঘটনার সাথে জড়িত ওই একই গ্রামের অভিযুক্ত ধর্ষক ইউসুফ আলী (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

অভিযুক্ত ধর্ষক ওই গ্রামের আলহাজ আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক। এ ঘটনার সাথে জড়িত আরেক অভিযুক্ত একই গ্রামের মিন্টু প্রামানিকের ছেলে জীবন (১৭) ও মানিক হোসেনের ছেলে ফয়সাল (১৭) কে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ ব্যাপারে নির্যাতিতা মেয়েটির মা-বাবা ও খালা জানান, গত ১ মাস আগে স্কুলে যাওয়ার সময় ইউসুফ, জীবন ও ফয়সাল মেয়েটিকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ফয়সালের নির্জন বাড়ির একটি ঘরে ৩ জন মিলে গণধর্ষণ করে। এ সময় ইউসুফের মোবাইল ফোনে ফয়সাল এ ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এ ৩জন ১ মাস ধরে প্রতিদিন রাতে মেয়েটিকে জোরপূর্বক ডেকে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে।

গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে আবারও জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউসুফকে হাতেনাতে আটক করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ফয়সাল ও জীবন দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আবুল হোসেন ও এসআই মেহেদী হাসান বলেন, বিষয়টির তদন্ত চলছে। এ ছাড়া অপর অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে এ ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসি ও স্কুলের শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে।

ইত্তেফাক/টিআর