জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনের প্রতি দেশের মানুষের অনীহা সৃষ্টি হয়েছে। দিনদিন ভোটারের সংখ্যা কমছে। মানুষের আগ্রহ কমেছে রাজনীতির প্রতিও। রাজনীতির পরিবেশ না পেয়ে অনেকেই রাজনীতি থেকে ছিটকে পড়ছেন।
শনিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে খুলনা বিভাগ জাপা আয়োজিত তৃণমূলে নেতৃত্ব নির্বাচন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘আমরা রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চাই। আমরা চাই দেশের মানুষ যেন আবারো ভোটের প্রতি আগ্রহী হয়। নির্বাচনে যেন সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়।
তিনি বলেন, রাজনীতিতে প্রাণচাঞ্চল্য এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ না থাকায় অনেকেই রাজনীতি থেকে ঝড়ে পড়ছে। এটা গণতন্ত্রের জন্য কখনোই শুভ হতে পারেনা। এভাবে চলতে থাকলে অনেক দলই সাইনবোর্ড এবং নামসর্বস্ব দলে পরিণত হবে।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মানুষ আর ভোট কেন্দ্রে যায় না। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত্ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
