বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ হামলা, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে: শামীম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:১৮

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে এই হামলা, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। এই হামলাকারীরা ৭১ ও ৭৫ এর পরাজিত শক্তি। এ হামলা উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার একটি অপপ্রয়াস। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আপামর জনতা এই অপশক্তিকে প্রতিহত করবে। আর এই হামলাকারীদের সমূলে উৎপাটন করতে হবে। 

রবিবার (৬ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগায় বেগম আমেনা রওশন মাদরাসা মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ ও উপমন্ত্রী এনামুল হক শামীমের রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক হাজার আলেম-ওলামাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর; ছাত্রলীগের কড়া হুশিয়ারি 

এনামুল হক শামীম আরো বলেন, একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার প্রমুখ।


ইত্তেফাক/এমএএম