বাংলাদেশের মানুষ সকালে ঘুম ভেঙ্গেই শুনল আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা মারা গেছেন। ফুটবল দর্শকরা যেন আরেকটি ধাক্কা খেল।দুই সপ্তাহ হয়নি আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা মারা গেলেন। ফুটবল কিংবদন্তির মৃত্যুর খবর এখনও ফুটবল ভক্তদের মুখে মুখে। এখনো ম্যারাডোনাকে নিয়ে খবর প্রচার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ম্যারাডোনার মৃত্যুর খবরে খুব হতাশ হয়ে পড়েছিলেন আলেসান্দ্রো সাবেলা। এরই মধ্যে আলেসান্দ্রো সাবেলার (৬৬) মারা যাওয়ার খবর দুনিয়া ছড়িয়ে গেল।
বুয়েন্স আয়ার্সের হাসপাতালে অনেকদিন ধরেই ভর্তি ছিলেন আলেসান্দ্রো সাবেলা। কিডনী, হৃদযন্ত্রসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে আর্জেন্টাইন ফুটবল শোকাহত। ফুটবল দুনিয়ায় সাবেলার বন্ধু-বান্ধবের অভাব নেই। সবাই সাবেলার প্রতি পরম শ্রদ্ধা জানিয়েছে।
আলেসান্দ্রো সাবেলা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে ছিলেন। রিও ডি জেনেরিওর মারাকানার ঐতিহাসিক স্টেডিয়ামে দুর্দান্ত খেলেও সেদিন অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ফাইনালে আর্জেন্টিনা হেরে যায়। এই টুর্নামেন্টে দারুণ খেলেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। এই ফুটবলারের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে সাবেলার। মেসি এক বার্তায় জানিয়েছেন সাবেলার সঙ্গে তার মধুর সব স্মৃতি কোনো দিনও ভুলবেন না মেসি। মেসিকে দারুণ আদর করতেন সাবেলা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দলের কোচ থাকাকালীন মেসির সঙ্গে জড়িয়ে আছে নানা ঘটনা। সেই সব স্মৃতির কথা স্মরণ করে মেসি তার কোচ সাবেলাকে শ্রদ্ধা জানিয়েছেন।
২০১১ হতে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনার ফুটবল কোচ ছিলেন সাবেলা। কোচ হয়ে ২০১১ সালেই মেসিদের নিয়ে ঢাকায় এসেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য। ঢাকায় ম্যাচ খেলে যাওয়া সেই মানুষটিকে বাংলাদেশের ফুটবল অনুরাগীরাও তার মৃত্যুতে শ্রদ্ধা জানাচ্ছে।
ব্রাজিল বিশ্বকাপ কাভার করতে গিয়েও ২০১৪ সালে কয়েকবার দেখা হয়েছিল ইত্তেফাক রিপোর্টারের সঙ্গে। কথা বলার সুযোগও হয়েছিল সংবাদ সম্মেলনে। বিশ্বকাপ ফুটবলের সংবাদ সম্মেলনে বাংলাদেশের মতো ফুটবল অনুন্নত দেশের সংবাদ মাধ্যমের কথা বলার সুযোগ কমই হয়। যারা পান তারা সৌভাগ্যবান। ইত্তেফাক রিপোর্টারের সুযোগ হয়েছিল।
সাম্পাওলোতে সেমি ফাইনালে টাইব্রেকারে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠা আর্জেন্টিনা খেলা শেষে সৌজন্যতা দেখাতে প্রতিপক্ষের কারো সঙ্গে হাত মেলায়নি। আগেরদিন অন্য শহর বেলেহরিজেন্তের মাঠে জার্মানি ৭-১ গোলে ব্রাজিলকে হারানোর পরও জার্মান ফুটবলাররা খেলা শেষে ব্রাজিল ফুটবলারদের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছেড়েছেন। আর্জেন্টিনার মেসিরা সৌজন্য দেখাননি, কেন ? সংবাদ সম্মেলনে ইত্তেফাকের এই প্রশ্নে হৈচৈ পড়ে যায়। এই কোচ সাবেলা এবং গোলকিপার সার্জিও রোমেরিওর মধ্যে কানাকানি শুরু হয়। দুই জনই নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
ইত্তেফাক/এসআই
