ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) থেকে ফাইজার/বায়োএনটেক-এর ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ নথি হ্যাক হয়েছে বলে জানা গেছে। ইএমএ-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নজুড়ে মেডিসিন ব্যবহারের অনুমোদন দেয় ইএমএ। সংস্থাটি জানায়, তারা সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং হ্যাকাররা তাদের কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত নথিগুলোতে অ্যাক্সেস পেয়েছে।
বায়োএনটেক এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে তারা যে নথি জমা দিয়েছিল সেটিতেও প্রবেশ করতে সমর্থ হয়েছে হ্যাকাররা।
মরণঘাতী করোনা ভাইরাসের দুই ভ্যাকসিনের অনুমোদন নিয়ে কাজ করছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। প্রয়োজনীয় পর্যালোচনা শেষে কয়েক সপ্তাহের মধ্যে এ অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই এ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তবে বায়োএনটেক-এর দাবি, এই সাইবার হামলার ফলে তাদের টিকার অনুমোদনের সম্ভাব্য সময়সীমা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
ইএমএ-এর ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সাইবার হামলার বিষয়টি স্বীকার করা হলেও হামলার ধরন বা এ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। তবে এরইমধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরুর কথা জানিয়েছে সংস্থাটি। তদন্তকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির একজন মুখপাত্র।
ইত্তেফাক/টিআর
