দ্বিতীয়বারের মতো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক। বৃহস্পতিবার 'মায়া দ্যা লস্ট মাদার' চলচ্চিত্রে কোনালের কণ্ঠে দেশের গানের জন্য ছায়াছবির গানের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের এই সম্মাননায় তাকে ভূষিত করা হয়।
এর আগে, ২০১১ সালে আধুনিক গানের ক্যাটাগরিতে সুবীর নন্দীর কণ্ঠে একটি দেশের গানের জন্য তিনি প্রথমবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পান।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তিনি লেখেন, ''দ্বিতীয়বারের মতো পেলাম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ২০১১ সালে আধুনিক গানের ক্যাটাগরিতে সুবীর নন্দীর কণ্ঠে একটি দেশের গানের জন্য পেয়েছিলাম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের সম্মাননা। ২০২০ এ পেলাম আমার ১১ তম চলচ্চিত্র মায়া দ্যা লস্ট মাদার এ কোনালের কণ্ঠে দেশের গানের জন্য ছায়াছবির গানের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের সম্মাননা।
নিবিষ্ট থেকে কাউকে নকল না করে .. ভাইরাল/ ভিউয়ের পেছনে না ছুটে নিজের মৌলিকত্ব প্রমাণ করলে স্বীকৃতি পেতে দেরী হয়। তবে তা ধরা দেয় দারুণ এক সম্মান আর আনন্দ নিয়ে ..
সকলের প্রতি কৃতজ্ঞতা ..ভালবাসা।''

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কার পেয়েছেন তানভীর তারেক। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মায়া : দ্য লস্ট মাদার’ ছবিতে’ আমার মায়ের আঁচল’ শিরোনামের একটি দেশের গানের জন্য তিনি এই পুরস্কার পেলেন।
দৈনিক ইত্তেফাকের বিনোদন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর তারেক। পেশাগতভাবে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ ২৩ বছর ধরে সংগীতের নানা শাখায় কাজ করেছেন তিনি। নিজের সুরারোপিত ৩৭টি অ্যালবাম বাজারে প্রকাশিত। একাধিক চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। তার কথা ও সুরে প্রকাশিত গানের সংখ্যা ৪ শতাধিক। এর আগে তিনি শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, সিজেএফবি, সিঙ্গাপুর মেরিন অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, বিসিআরএ অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা পেয়েছেন।
ইত্তেফাক/জেডএইচডি
