মাস্ক ব্যবহারে উদাসীনতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৬:২১

মাস্কের ব্যবহার নিয়ে সরকারের নির্দেশনার অভাব নেই। তারপরেও ঘরের বাইরে মাক্স ব্যবহার বাধ্যতামূলক হলেও তা মানা হচ্ছে না তাড়াশে। শুধু হাট-বাজার নয়, অনুরূপ চিত্র সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের ভেতরেও। এছাড়াও মানুষজনের মধ্যে সামাজিক দূরত্ব না মেনে চলার প্রবণতাও চোখে পড়ার মতো। 

সরেজমিনে পৌর শহরের আলেপ মোড়, মডেল প্রেসক্লাব মোড়, উপজেলা ডাকঘর মোড়, ও খাদ্য গুদাম মোড় এলাকায় দেখা গেছে, অধিকাংশ মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। গ্রাম-গঞ্জের হাট-বাজারেও একইরকম অবস্থা। ব্যবসায়ীদেরও কারো মুখে মাস্ক নেই। সরকারি-বেসরকারি অফিসে সেবাদানকারীদের মুখে মাস্ক থাকলেও সেবা প্রত্যাশীদের কারো মাস্ক নেই। হোটেল ও চায়ের দোকানগুলোয় লোকজন গাদাগাদি করে বসে আছেন।

তাড়াশ জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুজন মাহমুদ জানান, অনেকে মাস্ক ছাড়াই সেবার জন্য চলে আসেন। তবে তাদের মাস্ক নিশ্চিত করেই সেবা দেওয়া হয়। 

এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় এলাকায় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া শোভন। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম দৈনিক ইত্তেফাককে বলেন, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে সরকারিভাবে মাস্ক বিতরণ করা হচ্ছে। নিয়ম ভঙ্গকারীদের জরিমানাও করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ