আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিরা এখনো ষড়যন্ত্র করছে। তাদের বিষবৃক্ষের ঢালপালা এখনো বিস্তার করে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি সমূলে উৎপাটিত করাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ।’
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে বিএনপি নেতারা কেন নীরব? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নীরবতা পালন করার পিছনের মূল কারণ হচ্ছে তারা পেছন থেকে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে।’
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
ইত্তেফাক/বিএএফ
