স্বাধীনতার পরাজিত শক্তির সঙ্গে বিএনপির রাজনীতি :তথ্যমন্ত্রী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১২:১১

স্বাধীনতার পরাজিত শক্তিকে বিএনপি নিয়ে রাজনীতি করে, এজন্য তারা স্বাধীনতাকে মনেপ্রাণে মেনে নিতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে বিএনপি। তাদের জোটের সঙ্গী হচ্ছে জামায়াতে ইসলাম। এই জোটের কেউ স্বাধীনতাকে মনেপ্রাণে বিশ্বাস করতে চায় না।

তিনি বলেন, জামায়াতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয়, দলগতভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে।

তিনি আরো বলেন, বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা তাদের হাতেই গঠিত হয়েছিল। তারা শুধু পাকিস্তানের পক্ষই অবলম্বন করেনি, আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, আজকের এ দিনে আমি মনে করি, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে।

ইত্তেফাক/টিআর