রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালে পাওয়া দ্বিতীয় বোমাওটিও টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বিমান বাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল এটি নিষ্ক্রিয় করেন।
রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ সূত্র জানায়, বিমান বাহিনীর ফ্লাইট লে. আজমের নেতৃত্ত্বে একটি দল এ কাজে নেতৃত্ব দেন এবং রেঞ্জ মাঠের গর্তে২৫০ কেজি ওজনের বোমাটি নিষ্ক্রিয় করেন। খবরটি নিশ্চিত করেন ফায়ারিং ক্যাম্প কমান্ডার মো.আলম ।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে উঠে এবং ধোঁয়ায় ছেয়ে যায়।
গত সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তৃতীয় পাইলিংয়ের সময় মাটির দশ ফুট নিচে বোমাটি পাওয়া যায়। এর আগেও গত বুধবার একই বিমান বন্দরে ২৫০ কেজি ওজনের আরেকটি বোমা পাওয়া গিয়েছিল। সেটিও গত বৃহস্পতিবার ১০ ডিসেম্বর দুপুরে রসুলপুর ফায়ারিং রেঞ্জের মাঠে নিষ্ক্রিয় করেন বিমান বাহিনীর একই বিশেষজ্ঞ দল।
ধারণা করা হয়, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে পর্যুদস্ত করার জন্য মুক্তি ও মিত্র বাহিনীর বিমান সেনারা এসব বোমা ফেলেন। কিন্তু তা দশকের পর দশক ধরে মাটির নিচে অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।
ইত্তেফাক/এএএম
