পেলে-ম্যারাডোনার সঙ্গে মেসি-রোনালদো

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:১৩

সোমবার অনলাইনে বিশ্বব্যাপী ফুটবলভক্তদের ভোটে এবং ১৪০ জন সাংবাদিকের ভোটাভুটিতে নির্বাচিত ব্যালন ডি’অর ড্রিম টিম ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল। এই বিশ্ব একাদশে ফুটবল কিংবদন্তি পেলে, দিয়েগো ম্যারাডোনার সঙ্গে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

৩-৪-৩ ফরমেশনের এই একাদশে গোলরক্ষকের ভূমিকায় আছেন কিংবদন্তি রাশিয়ান নাম্বার ওয়ান লেভ ইয়াসিন। ১৯৫৪ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের হয়ে মোট ৭৪ বার গোলপোস্ট সামলেছেন তিনি। তার সামনে তিন জনের রক্ষণভাগে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল অধিনায়ক কাফুর সঙ্গে রয়েছেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি এবং ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং দুইটি ইউরোপিয়ান ট্রফি জেতা বার্সেলোনা কিংবদন্তি জাভির সঙ্গে মধ্যমাঠে জায়গা পেয়েছেন জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউস। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডে আছেন কয়েক যুগ ধরে ফুটবলভক্তদের সর্বকালের সেরার তর্কে মাতিয়ে রাখা দুই মহাতারকা; প্রায় একা আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো সদ্যপ্রয়াত ফুটবল সম্রাট দিয়েগো ম্যারাডোনার সঙ্গে জায়গা করে নিয়েছেন তিনবার বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। বিশ্ব একাদশের নাম্বার নাইন হিসেবে রয়েছেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো নাজারিও। আর দুই উইং এ রয়েছেন এই প্রজন্মের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্মিলিতভাবে ১১বার ব্যালন ডি’অর জয়ী এই দুই মহারথী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক পৃথক বার্তায় ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ জানিয়েছেন।

ইন্সটাগ্রামে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘ফ্রান্স ফুটবলের সর্বকালের সেরা একাদশে জায়গা পেতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। কী দুর্দান্ত একটি দল। এই দলের সবার প্রতিই রয়েছে আমার সম্মান ও শ্রদ্ধা। এমন দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ।’ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি লিখেছেন, ‘ব্যালন ডি’অর ড্রিম টিমে থাকাটা আমার জন্য সম্মানের। এই দলে জায়গা দেওয়ার জন্য আমি (ফ্রান্স ফুটবলকে) ধন্যবাদ জানাতে চাই। দুইটি দলে যারা যারা জায়গা পেয়েছে এবং এর বাইরে যারা মনোনীত হয়েছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাতে চাই।’

ইত্তেফাক/এসি