জাতির দুশমনদের চিহ্নিত করতে হবে: পরিবেশ মন্ত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০০:২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধীরা নতুন করে আবার বিরোধিতা শুরু করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নাকি মূর্তি হয়ে গেছে। এরাই একসময় বলত, টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকলে নামাজ হবে না। তবে পাকিস্তান আমলে কায়দে আজমের ছবি সম্বলিত টাকায় তারা ঠিকই সালাম জানাতো। এরা এক মুখে দুরকম কথা বলে। এরাই হচ্ছে রাজাকার আলবদর। এরা দেশ জাতির দুশমন। এদেরকে চিহ্নিত করতে হবে।’

বুধবার বেলা ১২টার দিকে মৌলভীবাজারের বড়লেখায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘ইসলামী অনেক রাষ্ট্র আছে। সেখানে ভাস্কর্যও আছে। আমাদের দেশে জিয়াউর রহমানেরও ভাস্কর্য আছে। কিন্তু এটা তাদের কাছে ভাস্কর্য নয়। এটায় ইসলাম যায় না, আর বঙ্গবন্ধুর নাম শুনলে ধর্ম চলে যায়, ইসলাম চলে যায়। এদেরকে সাবধান করে দিতে চাই, হুশিয়ার করে দিতে চাই। দেশের বিরুদ্ধে বার বার ধর্মের কথা বলে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। যারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিল, তারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। সকলকে সজাগ থাকতে হবে। কোনো অবস্থায় স্বাধীনতা নিয়ে যেন আর কেউ ষড়যন্ত্র করতে না পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু ও উপজেলা স্কাউটসের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় করেন।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রত্যুষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।

ইত্তেফাক/বিএএফ