ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে।
বুধবার জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল মুহানদিসের পরিবারের সদস্যরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সর্বোচ্চ নেতার সঙ্গে এই বৈঠকে কাসেম সোলাইমানির কয়েক জন সহযোদ্ধা এবং মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সদস্যরাও যোগ দিয়েছিলেন। সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়।
খোমেনি বলেন, কাসেম সোলাইমানি হচ্ছেন জাতীয় বীর, তিনি শুধু ইরান নয় গোটা মুসলিম উম্মাহর মহান বীর। সোলাইমানি ছিলেন সাহসী, প্রতিরোধী, বিজ্ঞ, আত্মত্যাগী এবং মানবপ্রেমী। তার মাঝে ছিল আধ্যাত্মিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য। কিন্তু তিনি কখনোই অন্যকে দেখানোর জন্য বা প্রদর্শনের জন্য কিছু করতেন না।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সোলাইমানিকে হত্যার পর ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আরেকটি চপেটাঘাত করেছে ইরান। এর চেয়েও বড় চপেটাঘাত হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সাম্রাজ্যবাদীদের ফাঁকা অহংকার চুরমার করে দেওয়া। এই শক্ত চপেটাঘাতের আরেকটি অংশ হলো এই অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করা। এ জন্য বিভিন্ন জাতির সাহসিকতা এবং প্রতিরোধমূলক নীতি প্রয়োজন।
ইত্তেফাক/এআর
