বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের ১নং ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান।
এরপর ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগ, চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির, ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপপরিচালক মজিবুর রহমান দিলু, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইয়াসমীন আহমেদ ও স্থপতি এ এফ এম মহিউদ্দিন আকন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গণমাধ্যম পরিচালক রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম।
প্রসঙ্গত, পূর্বে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বিজয়ের কবিতা পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও শান্ত-মারিয়াম একাডেমির শিক্ষার্থীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ মনোমুগ্ধকর বিভিন্ন পরিবেশনা থাকলেও এবার করোনার কারণে এই পর্ব বন্ধ রাখা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
