অবশেষে বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নিয়ো ধোঁয়াশা কাটলো। শুক্রবার রাতে দলীয় মনোনয়নে বর্তমান মেয়র আলমগীর শাহী সুমনের নাম চূড়ান্ত হলেও শনিবার সকালে খবর আসে তাকে পরিবর্তন করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাতে আলমগীর শাহী সুমনের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ হওয়ার পর রাতেই তার কর্মী সমর্থকরা আনন্দ মিছিল বের করে। শনিবার সকাল খবর আসে মতির নাম। এনিয়ে এলাকাবাসীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। চলতে থাকে জল্পনা কল্পনা। অবশেষে মতিউর রহমান মতির মনোনয়ন নিশ্চিত হওয়ায় তার কর্মী সমর্থকরা দুপুুরে আনন্দ মিছিল করে।
পরে বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলেন তিনি। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: গাইবান্ধায় রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধে আখচাষীদের বিক্ষোভ, আখ ক্ষেত পুড়িয়ে প্রতিবাদ
অপরদিকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ম ফরম উত্তোলন করেন প্রয়াত মেয়র আলহাজ্ব টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন বেবী। এছাড়াও অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর মেয়র পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি সারিয়াকান্দি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন।
ইত্তেফাক/এসি
