নাটুকে জয় বায়ার্নের, ফের নায়ক লেভানডফস্কি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১০:৪৪

জার্মানীর ঘরোয়া ফুটবল লীগ বুন্দেস লীগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। দর্শকদের প্রত্যাশিতভাবেই মহারণটা আগুন ঝরিয়েছে। টানটান উত্তেজনার ম্যাচটার মীমাংসা হয়েছে শেষ মুহূর্তের গোলে। গতকাল শনিবার বায়ার লেভারকুজেনকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল বায়ার্ন মিউনিখ। শুধু তাই নয়, শীর্ষে থেকেই বড়দিন উদযাপন ও বছর শেষ করবে দলটি।

প্রত্যাশিতভাবেই বাভারিয়ানদের এই জয়ের নায়ক রবার্ট লেভানডফস্কি। দলের দুটো গোলই করেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় খেতাব জেতা এই স্ট্রাইকার। ম্যাচের ৪৩ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ঠিক তৃতীয় মিনিটে গোল করে বায়ার্নকে নাটুকে জয় উপহার দেন লেভা।

এই জয়ের সুবাধে পরপর দুই ম্যাচে পিছিয়ে থেকে জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে মিলল পুরো ছয় পয়েন্ট। একই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থানটাও উদ্ধার হলো বায়ার্নের। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন বাভারিয়ানরা। সমান ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমেছে লেভারকুজেন।

শনিবার ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৪ মিনিটে হজম করে বসে গোল। এটাকে অবশ্য ‘ধাক্কা’ বলাটা অমূলক হবে। কারণ বায়ার্ন মিউনিখ ম্যাচে আগে গোল হজম করবে এই মৌসুমে এ দৃশ্য যেন অবধারিত। টানা সপ্তম ম্যাচে আগে খেয়েছেন লেভা-কিমিখরা।

ইত্তেফাক/টিআর