ভাবনার ‘কাক সমাচার’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০৮:১৯

নেটিজেনরা এই করোনা কোয়ারেন্টাইনের ভেতরেই জেনেছেন হয়তো অভিনেত্রী ভাবনার শিল্পগুণ সম্পর্কে। কথাসাহিত্যিক হিসেবে গত কয়েকবছরের পরিচিতির পাশাপাশি চিত্রকর হিসেবে ভাবনা মুগ্ধতা ছড়িয়েছেন অনেকের কাছেই। সেই চিত্রকর্মের অন্যতম বিষয় ছিল কাক। নিজের খোলা ব্যালকোনিতে দীর্ঘদিনের আসা যাওয়া কাকের সঙ্গেই তার শখ্য শুরু। এরপর সেগুলো ধারণ করলেন তার ক্যানভাসে। অসাধারণ কিছু মাধ্যমে সেই সব চিত্রকর্মের বেশকিছু এর ভেতরে বিক্রিও হয়ে গেছে চড়া দামে।

রোজ সকাল-বিকেল বা বেলা ডোবার অন্ধকারের আগেই তাই ভাবনার সঙ্গে কাকদের কথা হয়। একজন চিত্রকরের সঙ্গে তার মডেলের দারুণ কিছু কেমিস্ট্রি থাকতে হয়। ভাবনা বলেন, ‘ওরা আমার ভাষা বোঝে। আমি ডাক দিলে কথা শোনে। ওদের খেতে দিলে খুব আনন্দ পায়।’

চিত্রকর ভাবনার এই ভাবালুতা চলুক। তবে অভিনয় আর মডেলিং নিয়েও ব্যস্ততা যাচ্ছে তার ইদানিং বেশ। এর ভেতরে অণিমেষ আইচের দারুণ দুটি টেলিফিল্মে কাজ করে প্রশংসার ঝুলি ভারি করেছেন। এছাড়া সম্প্রতি অরুণা বিশ্বাসের পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন তিনি। এছাড়া নিয়মিত নাটক আর কিছু ব্র্রান্ড প্রমোশনের কাজ তো রয়েছেই।