সাব্বির ঝড়ে সিলেটের সংগ্রহ ১৯৪

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭

টুর্নামেন্ট শুরুর আগেই সাব্বির রহমান বলেছিলেন তার জীবনের সেরা একটি সুযোগ এ আসরের বিপিএল। জাতীয় দলে ফিরতে নিজেকে প্রমাণ করতে হবে এখান থেকেই। প্রথম ৬ ম্যাচে জ্বলে উঠতে পারেন নি তিনি। অবশেষে স্বরূপে ফিরেছেন ডান হাতি এই ব্যাটসম্যন। তার ব্যাটে ভর করে রংপুর রাইডার্সের সামনে ১৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সিলেট সিক্সার্স।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানেই ওপেনার লিটন দাসকে হারায় সিলেট। ফেরার আগে তিনি করেন ১১ রান। এরপরই ব্যাট হাতে খুটি পুঁতে বসেন সাব্বির। ৫ চার ও ৬ ছক্কা হাঁকিয়ে ৫১ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার চলতি আসরে নিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ২১ বলে করেছেন ১৯ রান। মাশরাফির বলে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান তিনি। তার আগে ১৯ রান করে রানআউটের কাটা পড়েন আফিফ হোসেন।

ইনিংসের শেষদিকে সাব্বিরের পাশে থেকে ঝড় তুলেন পোরান। ৪টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ইনিংসে ২৭ বল খেলে ৪৭ রান করেন তিনি। দলীয় ১৮৫ রানে রংপুরের পেসার শফিউলের বলে রুশোর তালুবন্দী হয়ে সাব্বির বিদায় নিলে বাকি পথটা জাকির আলীকে নিয়ে পাড়ি দেন পোরান।

বল হাতে ৪ ওভারে ৩১ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি। ১ উইকেট ঝুলিতে পুরেছেন শফিউল।

আরো পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন সাব্বির। এর আগে রংপুর রাইডার্সের প্রোটিয়া ওপেনার রাইলি রুশোর ব্যাট থেকে এসেছিল ৮৩ রানের ইনিংস।

শীর্ষ চারে স্থান পেতে হলে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয়ে থাকা দল দু’টির জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ৬ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ৪ করে। নেট রান রেটের ব্যবধানে একধাপ এগিয়ে থাকা রংপুর এই ম্যাচ জিতলেই চলে আসবে চার নম্বরে। সুযোগ থাকছে সিলেটের জন্যও। তবে সেক্ষেত্রে চারে থাকা রাজশাহী কিংসের সঙ্গে তাদের রানের ব্যবধান একটা বড় পার্থক্য হয়ে দাঁড়াতে পারে।

ইত্তেফাক/বিএএফ