ধর্ষণ মামলা তুলে না নেয়ায় তরুণীকে হত্যা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

ভারতের দিল্লিতে ধর্ষণের অভিযোগ তুলে না নেওয়ায় নির্যাতিতা তরুণীকে গুলি করে হত্যা করেছে অভিযুক্ত ব্যক্তি। শুক্রবার আদালতে বক্তব্য রেকর্ড করার কথা ছিল তরুণীর। এর কয়েক ঘণ্টা আগেই তাকে হত্যা করা হয়। খবর এনডিটিভির।

নিহতের মা জানান, শুক্রবার রাতে সন্দীপ কুমার নামে ওই অভিযু্ক্ত তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। তাকে খুব কাছ থেকে চারবার গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তরুণী একটি ডান্সবারে নর্তকী হিসেবে কাজ করতেন।

নিহতের মায়ের অভিযোগ, ২০১৭ সালের মার্চ মাসে সন্দীপ কুমারের বিরুদ্ধে ধর্ষণের যে মামলা দায়ের করা হয় তা প্রত্যাহারের জন্য সন্দীপ তাঁকে চাপ দিচ্ছিলেন।

তিনি বলেন, ‘সন্দীপ ঘটনার দিন সকালে আমাদের বাড়িতে এসে তাঁর গাড়িতে কয়েক মিনিটের জন্য আমার মেয়ের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু মেয়ে গাড়িতে বসতেই গাড়ি চালিয়ে দূরে চলে যায় সে। বেশ কয়েক ঘন্টা পরে সন্দীপ ফোন করে আমাকে মামলা প্রত্যাহারের হুমকি দেন। সে বলে অভিযোগ তুলে না নিলে সে আমার মেয়েকে মেরে ফেলবে।’

আরও পড়ুনঃ সর্বোচ্চ পরমাণু ক্ষমতাসম্পন্ন জাহাজ বানালো রাশিয়া, আনছে যুক্তরাষ্ট্র

গত চার বছর একটি নাইট ক্লাবে কাজ করতেন ওই তরুণী। সেখানে সন্দীপ কুমারের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ২০১৭ সালের মার্চ মাসে তিনি সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এজাহার দাখিল করা হয় এবং সন্দীপ কুমারকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে মুক্তি পায় সে।

দিল্লির গুরগাঁও পুলিশের কর্মকর্তা সুভাষ বোকান বলেন, ‘নিহতের মায়ের বিবৃতির ভিত্তিতে আমরা সন্দীপের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা গ্রহণ করেছি। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

ইত্তেফাক/টিএস