ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তির পক্ষে জনমত গঠনে ক্যাম্পেইন

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৩:৪২

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তির মুক্তির পক্ষে জনমত গঠনের জন্য এক উদ্যোগ নিয়েছে সিনেমা ক্যাফে ‘ঝিল কুটুম’। নতুন বছর অর্থাৎ ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘ঝিল কুটুম’ নিজেদের সব অতিথিকে ‘শনিবার বিকেল’ এর অফিসিয়াল টি-শার্টটি একদম বিনামূল্যে উপহার দেবে বলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কুটুম এক্সপ্রেসের প্রধান বিপণন কর্মকর্তা এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ‘সিজু খান’। 

তারা জানান, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী তার সাহসী কর্মকাণ্ডের জন্য বরাবরই বিতর্কিত হয়ে আসছেন গণমাধ্যমে। যার অন্যতম উদাহরণ তার সর্বশেষ সিনেমা ‘শনিবার বিকেল’ কিংবা ‘স্যাটারডে আফটারনুন’। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঘটা সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে– এমন আশঙ্কায় চলতি বছরের জানুয়ারিতে ‘শনিবার বিকেল’ এর মুক্তি আটকে দেয় তথ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড। সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে গত ফেব্রুয়ারিতে আপিল করেছে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পরও ছাড়পত্রের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড।

তারা বলেন, টি-শার্টের ডিজাইনে প্রদর্শিত প্রতিবাদী কনসেপ্টটি আমরা শনিবার বিকেলের প্রযোজক, পরিচালকের অনুমতি নিয়েই বানিয়েছি আমরা। শুধু এই টি-শার্টই নয়, পাশাপাশি আমরা নুরুল আলম আতিকের ‘নতুন সিনেমা, সময়ের প্রয়োজন’ শীর্ষক একটি সিনেমার বই এবং এক মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশনও বিনামূল্যে উপহার দেবো নিজেদের সব অতিথিদেরকে’। হাতিরঝিলে অবস্থিত ‘ঝিল কুটুম’ রেস্তোরাঁটি মূলত ‘কুটুম এক্সপ্রেস’ নামক একটি বহুমূখী ব্যবসা প্রতিষ্ঠানের সিস্টার কনসার্ন। 

জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত শনিবার বিকেলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ১২টি দেশের স্বনামধন্য অভিনেতারা। যার মধ্যে অন্যতম হচ্ছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 

এছাড়াও নানা গণমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ‘শনিবার বিকেল’ সিনেমাটি এখন পর্যন্ত মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়ে এসেছে। যার মধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে শনিবার বিকেল দুইটি ইন্ডিপেনডেন্ট  জুরি পুরস্কার অর্জন করেছে। মস্কো ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানিত ‘এ গ্রেড ফিল্ম ফেস্টিভ্যাল’। 

ইত্তেফাক/কেকে