কোয়ারেন্টাইন শেষে তিনদিন হলো দলে যোগ দিয়েছেন রোহিত শর্মা। এর মধ্যেই জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে বিপাকে পড়েছেন এই ক্রিকেটার। শুধু রোহিতই নয় অস্ট্রেলিয়া সফরে নিয়ম ভেঙেছেন রিশভ পান্ট, নভদ্বীপ সাইনি, পৃথ্বী শ ও শুভমান গিলও। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। এই ব্যাপারে তদন্ত করবে দুই দেশের ক্রিকেট বোর্ড।
ঘটনার সূত্রপাত, গত শুক্রবার রাতে। মেলবোর্নের এক রেস্টুরেন্টে করোনা প্রটোকল ভেঙে ডিনার করতে যান ওই পাঁচ ক্রিকেটার। সেই মুহূর্তের তিন সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করেন নাভালদ্বীপ সিং নামে এক ভারতীয়। সঙ্গে সঙ্গেই ভিডিওটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। যা নজরে আসে দুই ক্রিকেট বোর্ডেরও।
নাভালদ্বীপের মতে, ওই পাঁচ ক্রিকেটার সেদিন সামাজিক দূরত্ব বালাই না করেই সময় কাটান। তবে শনিবার সেই বক্তব্য অস্বীকার করেন নাভালদ্বীপ।
আরো পড়ুন : বরিশালে আরটি-পিসিআর মেশিনে জটিলতা, করোনা পরীক্ষা সাময়িক বন্ধ
ক্রিকেটে বর্তমানে অবিচ্ছেদ্য অংশ জৈব সুরক্ষা বলয়। এদিক থেকে ওদিক হলেই বেড়ে যায় করোনা ঝুঁকি। তাই পাঁচ ক্রিকেটারের বলয় ভাঙার বিষয়টি সহজভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এনিয়ে যৌথ তদন্তে নেমেছে তারা। এক বিবৃতির মাধ্যমে সেটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
উল্লেখ্য ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন বলয় ভাঙার কারণে এক টেস্ট নিষিদ্ধ হয়েছিলেন ইংলিশ পেসার জোফরা আর্চার। সেই পরিণতি যদি রোহিতদের হয়ে, তাহলে আগামী ৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্টের একাদশ সাজাতে বড় ঝামেলায় পড়বে ভারত।
ইত্তেফাক/ইউবি
