দেশে আবারো গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: শেখ তন্ময়

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২০:৩৭

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দেশে আবারো গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে দেশ অচল করে দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট- খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বিশাল সমাবেশে এমপি শেখ তন্ময় এসব কথা বলেন। 

শেখ তন্ময় বলেন, ৭৫ এর ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুর পরিবারকে নির্বংশ করতে চেয়েছিলো তারা থেমে নেই। এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে এক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত কোন নেতাকে আমি ভোট দেব না- আপনারাও দিবেন না। মার্কা নয়- সৎ-আদর্শবান প্রার্থীকে বিজয়ী করবেন। বাগেরহাটে চিংড়ি ঘেরেরর ( চিংড়ি খামার) জমির মালিকদের হারির টাকা যারা পরিশোধ করেননি তারা দিয়ে দেন। বাগেরহাটে কোন অবৈধ দখলদার- টেন্ডারবাজ থাকতে পারবেনা। যারা ঘের দখলসহ নানা অপকর্ম করে বাগেরহাটকে অশান্ত করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না। এসময়ে এমপি শেখ তন্ময় সমাবেশে আসা লোকজনকে নিজের মোবাইল নম্বরটি দিয়ে সবাইকে তার সাথে কথা বলতে বলেন। 


প্রায় ৯ মাস পর বাগেরহাটে এসে এমপি শেখ তন্ময় আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা আমাদের বাস্তবায়ন করতে হবে। জাতির পিতার আদর্শ আপনারা নষ্ট করবেন না, বাগেরহাটে মংলা বন্দর আছে, সুন্দরবন আছে, আপনারা আছেন, জনগণের কল্যাণে কাজ করুন। আপনারা জনগণের হোন। তিনি পুলিশ ও র‌্যাব বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, অপরাধী যে দলের হোক না কেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। সমাবেশ চলাকালে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন মোবাইল ফোনে যুক্ত হয়ে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ নেতা স্বপন দাস, সরদার ফররুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, তালুকদার নাজমুল কবির ঝিলাম, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শেখ বসিরুল ইসলাম প্রমুখ।     

সভা শুরুর আগে বাগেরহাট জেলার ৯টি থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন হতে হাজার-হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে সভা স্থলে এসে হাজির হয়। এসময় সভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে তা জনসমুদ্রে পরিণত হয়।

ইত্তেফাক/এমএএম