মৃদু হার্ট অ্যাটাক করে হাসপাতালে নেয়ার দিনই জানা গিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বিপদের শঙ্কা নেই। তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়েছিল তিনটি। এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হলেও বাকি দুটোর জন্য হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠির পরামর্শ নেয়া হবে।
তবে বাইপাস সার্জারির প্রয়োজন নেই সৌরভের। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে প্রায় এক মাস। ভারতীয় গণমাধ্যম মতে, সোমবারই কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভারতের সাবেক অধিনায়ককে পর্যবেক্ষণ করবেন দেবী শেঠি।
গত পরশু ট্রেডমিলে দৌড়াতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার চিকিৎসার জন্য গঠন করা হয় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। সময়মত হাসপাতালে পৌছাতেই বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সৌরভ। তার অসুস্থতার খবর শুনে সাবেক সতীর্থ থেকে শুরু করে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত প্রার্থনা করেছেন। বাদ যাননি অন্যান্য ক্ষেত্রের ব্যক্তিরাও।
বিসিসিআই সচিব জয় শাহ, উন্নত চিকিৎসার জন্য দিল্লি কিংবা মুম্বাইতে স্থানান্তরের দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/এসআই
