ভূঞাপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে এখনো নতুন বই পৌঁছেনি। নতুন বছরের শুরুতে বই হাতে না পেয়ে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা।
উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার দত্ত বলেন, এখন পর্যন্ত ষষ্ঠ শ্রেণি ছাড়া আর কোনো শ্রেণির জন্য পাঠ্যবই পাওয়া যায়নি। ভূঞাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বলেন, ষষ্ঠ শ্রেণির বই পেলেও ১০ জানুয়ারির পর বিতরণের নির্দেশনা রয়েছে। এখনো শিক্ষার্থীরা বই হাতে পায়নি। তবে শিক্ষার্থীরা বই নেওয়ার জন্য প্রতিদিনই বিদ্যালয়ে আসছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানোর পর শুধু ষষ্ঠ শ্রেণির পূর্ণাঙ্গ বই ও সপ্তম শ্রেণির কিছুসংখ্যক বই পাওয়া গেছে। আগামী ১২ জানুয়ারির মধ্যে বাকি শ্রেণির বইগুলো পাওয়া যাবে।
