ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে শোকের মাতম 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৪০

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের তারাকান্দা উপজেলার গাছতলা নামকস্থানে রবিবার (৩ জানুয়ারি) দুপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হওয়ায় পরিবারে শোকের মাতম।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেছুয়ালেঞ্জি গ্রামের ‍মৃত হামেদ আলীর দুই ছেলে নিজাম উদ্দিন (২৭) ও মাওলানা ফারুক মিয়া (২৫), মেয়ে জুলেখা (২২), ফারুকের স্ত্রী মাসুমা আক্তার (২০), মাসুমা আক্তারের ৩দিন বয়সের শিশুপুত্র, একই গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৫) ও ময়মনসিংহ সদরের চরলক্ষীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সিএনজির চালক রাকিবুল (৩০)। 

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন চন্দ্র দাস জানান, রবিবার দুপুরে নিহতরা ময়মনসিংহ থেকে সিএনজি অটোরিকশা যোগে পূর্বধলায় আসছিলেন। এ সময় গাছতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শাহজালাল নামক একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৭ জন নিহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয় এবং পরবর্তীতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । সরেজমিনে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় তখনও লাশ এসে পৌঁছেনি।

এরই মাঝে নিহত ফারুকের মা আয়েশা খাতুন স্থানীয় সাংবাদিকদের জানান, তার পুত্রবধূ মাসুমা আক্তারের গত তিনদিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশু সন্তানটি জন্ম দেয়। হাসপাতাল থেকে ছেলে সন্তানের খবর আসলে তারা আনন্দে আত্মহারা ছিলেন। এখন সব শেষ। 

ইত্তেফাক/এমএএম