শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে গতকাল রবিবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিকালে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরাও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসব অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন।
গতকাল সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সত্, আদর্শ ও নীতিবান রাজনীতিবিদ ছিলেন। সব লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি কখনো অবহেলা করেননি উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সৈয়দ আশরাফ দেশের সব রাজনীতিবিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মো. তাজুল ইসলাম রাজধানীর বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কিশোরগঞ্জেও। এ উপলক্ষ্যে রবিবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল ও অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
