বগুড়ায় চলন্ত মাইক্রোবাস থেকে চালক বন্ধুকে ফেলে দিয়ে হত্যা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৩৬

চলন্ত মাইক্রোবাস থেকে চালক বন্ধুকে ঠেলে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার তেঘড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ঐ চালকের নাম আনোয়ার হোসেন বুলু (৩৭)। তিনি নওগাঁর আত্রাই উপজেলার জাতআমরুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। আটক দুই জন হলেন—আরিফুল ও ইসলাম হোসেন। তারাও একই উপজেলার বাসিন্দা।

আটক আরিফুল ও ইসলাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, শনিবার রাতে কয়েক জন মিলে একটি মাইক্রোবাসে করে নওগাঁর আত্রাই থেকে বগুড়ার একটি অভিজাত হোটেলের বারে মদপান করতে যান। মদপান শেষে আত্রাই উপজেলায় ফিরছিলেন। তুচ্ছ বিষয় নিয়ে মাইক্রোবাসের ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় আনোয়ার হোসেন তাদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে অন্যরা চলন্ত মাইক্রোবাস থেকে চালককে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় অপর একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হন। এমন পরিস্থিতির মধ্যে অন্যরা পালিয়ে যান। তারা দুই জন মিলে আনোয়ারের লাশ বাড়িতে পৌঁছে দিতে গেলে স্বজনরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত আনোয়ারের বড় ভাই মাজাহারুল ইসলাম বলেন, যাত্রীরা মদপান করে বগুড়া থেকে ফেরার পথে তার ভাইকে চলন্ত মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করেছেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, আত্রাই থানার পুলিশ আটক দুই জনকে নন্দীগ্রাম থানায় পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা মদপান করে বগুড়া থেকে ফিরছিলেন। এর মধ্যে আত্রাই উপজেলায় কর্মরত সরকারি অফিসের গাড়িচালকও আছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।