বিশ্বের যেসব দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে সেসব দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন দেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কী বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেসব তথ্য-উপাত্ত সংগ্রহের পরামর্শ দিয়েছে কমিটি।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ কমপ্লেক্স ফান্ডের সমুদয় অর্থের হিসাব কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি অনুরোধ করেছে। এছাড়া, কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ সমাপ্ত এবং হেলিপ্যাড সুবিধা রাখার সুপারিশ করেছে। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর-উত্তম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ ও ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।
