প্রতিদিন ৪০০ মোটরযান পরীক্ষার ক্ষমতাসম্পন্ন ফিটনেস টেস্টিং সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। জুলাই মাসে ফিটনেস টেস্টিং সেন্টার স্থাপনের কাজ শেষ হবে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিআরটিএর পরিচালক (অপারেশন) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মিরপুর এলাকায় ১২ লেনবিশিষ্ট অটোমেটিক ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের কাজ চলমান। আগামী জুলাই মাস থেকে অটোমেটিক ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের মাধ্যমে ঢাকার মিরপুর সার্কেল-১ অফিস থেকে প্রতিদিন প্রায় ৩৫০ থেকে ৪৫০টি মোটরযানের ফিটনেস পরীক্ষা সম্ভব হবে।
আদালতে রিটের পক্ষে তানভীর আহমেদ ও বিআরটিএর পক্ষে রাফিউল ইসলাম শুনানি করেন। আনফিট গাড়ি সড়কে চলছে কি না, তা পর্যবেক্ষণের জন্য দেশে যানবাহন ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর জন্য নির্দেশ দেয় হাইকোর্ট। বিআরটিএ কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
