স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, দুইজনের ফাঁসি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৮:৪৫

রাবেয়া আক্তার রিয়া (৮) নামের ২য় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। 

সোমবার আসামিদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এ রায় প্রদান করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি গ্রামের জালাল মোল্লার ছেলে মো. মিলন মোল্লা (২২) এবং নুরু মোল্লার ছেলে মো. মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪)। 

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার ওরফে রিয়া বিকালে কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মাহমুদুল হক মধু ও মিলন মোল্লা পাশের একটি জংগলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

ঘটনার পরের দিন রিয়ার বাবা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানার এসআই ফায়েকুজ্জামান তদন্ত করে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘদিন শুনানি শেষে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করে। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

শিশু রিয়ার মা তাসলিমা বেগম জানান, আমার মেয়েকে ওই দুই আসামি ধর্ষণ করে হত্যা করেছে। দুই জনের ফাঁসির রায় হয়েছে আমরা রায়ে খুবই সন্তুষ্ট। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মোছলেম আলী আকন জানান, রায়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ